গোমতীর পানি দ্রুত বাড়ছে, কুমিল্লায় বন্যার আশঙ্কা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৯:২৮

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। এতে জেলার কয়েকটি উপজেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে গোমতী নদীর পানি ৮.৫৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমার (১১.৩ মিটার) প্রায় ৩ মিটার নিচে থাকলেও পানি বৃদ্ধির ধারা উদ্বেগজনক।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোমতীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। একদিকে কুমিল্লায় টানা বৃষ্টি, অন্যদিকে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণে সেখানকার পানি গোমতী হয়ে কুমিল্লায় প্রবাহিত হওয়ায় পানি দ্রুত বাড়ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, 'বৃষ্টি থেমে গেলে এবং উজানের পানি কমলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। আমরা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।'

কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত ১২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এ ভারী বর্ষণ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম বিভাগে একই ধরনের আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অফিস।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আরিফ বলেন, 'সাগরে একটি লঘুচাপ রয়েছে, তবে সেটি ভারতের অংশে। এর প্রভাবেও ভারী বৃষ্টি হচ্ছে।'

গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় আগাম সতর্কতা হিসেবে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, “বন্যা মোকাবেলায় আমরা প্রস্তুত। জেলার ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল মজুত রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ইত্তেফাক/আইএ