বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হলো এক বর্ণিল আয়োজন। ১৯৭৫ সালের ৮ জুলাই বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই ঐতিহাসিক দিনের স্মরণে এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপিত হচ্ছে নানা আয়োজনে।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মেক্সিকো সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— Petroleros Fountain, Diana the Huntress, Angel of Independence, Cuauhtémoc Monument, Revolution Monument, এবং Zócalo সংলগ্ন ভবনসমূহ।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মেক্সিকো সিটির রেভোলিউশন মনুমেন্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই আলোকসজ্জার উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
তিনি বলেন, “গত পাঁচ দশকে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। তবে সবচেয়ে বড় অর্জন—উভয় দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব ও সহযোগিতা।” রাষ্ট্রদূত ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির, জনগণের মধ্যে আরও সরাসরি সংযোগ তৈরির, এবং কূটনৈতিক উপস্থিতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মেক্সিকো সিটি কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল, মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা, এবং মেক্সিকোতে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
আয়োজকরা জানান, এই উদযাপন কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের বন্ধুত্ব, সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশের প্রতীক। দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সংস্কৃতির বিনিময় আগামীতেও আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
