বাংলাদেশে এসিসির সভা, আপত্তি জানালো ভারত

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭:৪১

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশ সফর আসার কথা ছিল ভারতের। কিন্তু এই সফর স্থগিত করেছে তারা। ব্যস্ত সূচির কারণ দেখিয়ে পরবর্তীতে এই সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

সিরিজ স্থগিতের পর এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিতেও আপত্তি জানিয়েছে ভারত। ইতোমধ্যেই ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বিসিসিআই। ভেন্যু পরিবর্তন না হলে এই সভা থেকে নাম প্রত্যাহার করতে পারে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সূত্র জানিয়েছে, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি।’

আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা এসিসির এই সভা। যেখানে আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। প্রস্তাবিত সূচি অনুযায়ী এশিয়া কাপ মাঠে গড়াতে পারে ৫ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত।

ইত্তেফাক/জেডএইচ