রাতে মাঠে নামছে সাকিবের দুবাই ক্যাপিটালস, ভোরে রংপুরের খেলা

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:৩৬

টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম টি-টোয়েন্টিতে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে গড়াবে নামবে দু'দল। একই দিনে মাঠে নামছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, গ্লোবাল সুপার লিগ দিয়ে দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি। 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। সবশেষ পাকিস্তান সুপার লিগে দেখা গিয়েছিল এই টাইগার অলরাউন্ডারকে। এবার সব ঠিক থাকলে গ্লোবাল সুপার লিগ দিয়ে মাঠে ফিরবেন তিনি। দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে ভিড়িয়েছে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল। তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর।

আজ (বৃহস্পতিবার) গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

একাদশে সুযোগ পেলে আজ রাতেই এই টুর্নামেন্টে অভিষেক হবে টাইগার অলরাউন্ডারের। এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছে বৈশ্বিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাঁচটি শীর্ষ দল- গায়ানা আমাজন ওয়ারিয়ার্স, রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেনস একাদশ, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।

সাকিবের দলের পরবর্তী ম্যাচগুলো হোবার্ট, গায়ানা ও রংপুরের বিপক্ষে যথাক্রমে ১১, ১৪ ও ১৬ জুলাই। এদিকে, গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অভিযান শুরু হবে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৫টায়। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির বাকি ম্যাচগুলো আগামী ১৩, ১৬ ও ১৭ জুলাই যথাক্রমে হোবার্ট, দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। 

ইত্তেফাক/জেডএইচ