ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ঘটনায় ছাদ থেকে ফেলে তরুণকে হত্যা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৭:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ঘটনায় ছাদ থেকে ফেলে আদিল মিয়া (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এরপর এই খুনের ঘটনা আড়াই লাখ টাকায় রফাদফাও হয়ে গেছে। জেলা শহরের পুরাতন জেল রোড এলাকায় ১৭ জুলাই রাতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটিগ্রামের সালাম মিয়ার ছেলে আদিল মিয়া (২২) শহরের জেল রোডের ফেমাস ড্রাগ হাউজে দুবছর ধরে কাজ করতো। এ সময় একই রোডের ঝিলনটি স্টলের মালিক ঝিলন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে চৈতীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। ঝিলন মিয়া পৌর এলাকার পুরাতন জেল রোডের শাহীন স্কুল সংলগ্ন এলাকায় ১১৪১ নম্বর বাসার (শফিক মঞ্জিল) দোতলায় বসবাস করেন। 

জেল রোডের ব্যবাসায়ীরা জানান, আদিল মিয়ার সঙ্গে চৈতীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ১৭ জুলাই রাতে আদিলকে ফোন করে চৈতীর বাসায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ মিলেছে, এরপর তাকে বেধড়ক পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। রাত ১০টার দিকে মেয়ের বাসার পাশে রাস্তায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মির্জা মোঃ সাইফ বলেন, ‘ছেলেটি অজ্ঞান ছিল। অভ্যন্তরীণ আঘাতের কারণে দেহের অংগগুলো অকেজো হয়ে পড়েছিল। পরে তাকে মৃত ঘোষণা করি।’

তবে ছেলের মৃত্যুর বিষয়ে এখনও অন্ধকারে পিতা সালাম মিয়া। তিনি বলেন, ‘আমি এখনও কোন কিছু জানি না। তবে অনেক কিছু শুনছি। আমার ভাতিজা পাবেল আর ফার্মেসীর মালিক জুয়েল সব জানে।’ তিনি বাড়িতে শয্যাশায়ী আছেন বলে জানান। 

সালামের ৪ ছেলের মধ্যে জুয়েল ছিলেন সবার বড়। পরে পাভেল ফোন দিয়ে জানান, এটি একটি অ্যাক্সিডেন্ট। মেয়েটির বাবা ঝিলম মিয়া তার প্রতিবেশীদের বলেন আমি ছেলেটিকে ফুলের টোকাও দিইনি। এ ঘটনার পর মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে পরিবারের লোকজন জানায়। 

এদিকে ময়নাতদন্ত ছাড়াই আদিলের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল আমীন ওরফে বেঙ্গা জুয়েলসহ কয়েজন ছাত্রলীগের নেতাকর্মী এ ঘটনা শহরের টেংকের পাড়ে পৌর কমিউনিটি সেন্টারে নিয়ে আড়াই লাখ টাকায় রফাদফা করে। আগামী রবিবারের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডির সড়ক ভেঙে ভারী যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

ইত্তেফাক/নূহু