কুমিল্লা মনোহরগঞ্জে বাসচাপায় বেল্লাল হোসেন নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের বড়কাঁচি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে বাবা আব্দুল খালেক এর কবর জিয়ারত করতে যান তার ছেলে শিপন। জিয়ারত শেষে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষনিকভাবে ঘাতক বাসের নাম জানা যায়নি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় ঐ পরিবারে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের মেঝো ভাই নাছির জানান গত ২৩ জুন সোমবার শিপনের বাবা আব্দুল খালেক মারা যান। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। বাবার মৃত্যুর ৩দিন পর ২৬ জুন সুদুর সৌদি আরব থেকে বাড়িতে ছুটে আসেন তিনি। বাড়ি এসে মরহুম বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল, দান খয়রাতসহ নানা আয়োজন করেন। অবশেষে বাবার কবর জিয়ারত করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিজেই পরাপারে চলে গেলেন।
মরহুম বাবার শোক না সামলাতেই ১৮ দিনের মাথার পরিবারের আরেক সদস্যকে হারিয়ে শোকে নিস্তব্দ হয়ে পড়েছে ঐ পরিবারের সদস্যরা। ২ সপ্তাহের ব্যবধানে স্বামী সন্তানকে হারিয়ে শোকবিহবল মা আফিয়া খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন।
থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে ঘটনা নিশ্চিত করে বলেন,হাইওয়ে পুলিশ ও মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
