দাখিল পরীক্ষায় এলংজানি মাদ্রাসা থেকে দুই বছর ধরে পাস করেনি কেউ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১২:১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় টানা দুই বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২৪ সালে মাদ্রাসাটি থেকে ১২ জন এবং ২০২৫ সালে ১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তবে পরপর দুই বছরই সবাই অকৃতকার্য হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মাঝে।

স্থানীয়রা মনে করছেন, ফলাফলের এমন করুণ অবস্থার পেছনে শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতির পাশাপাশি শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতাও বড় কারণ।

এক অভিভাবক শহিদুল ইসলাম বলেন, দুই বছর কেউ পাস করতে না পারার দায় শুধু শিক্ষার্থীদের নয়। শিক্ষকদের জবাবদিহিতা ও মাদ্রাসা পরিচালনায় স্বচ্ছতা থাকা উচিত।

এলংজানি গ্রামের বাসিন্দা আল আমিন হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ক্ষমতাসীন দলের লোকজন মাদ্রাসার কমিটি নিয়ন্ত্রণ করায় সেখানে চলে নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতা। বর্তমান সুপারও দুর্নীতির সঙ্গে জড়িত। শিক্ষকরা ঠিকমতো ক্লাস না নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মো. শাহাদত হোসেন বলেন, মাদ্রাসাটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত নয়। তারা পড়ালেখার প্রতি আগ্রহ দেখায় না, এটাই ফলাফলের অন্যতম কারণ।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবী, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা না হলে মাদ্রাসাটি ধ্বংসের দিকে চলে যাবে।

ইত্তেফাক/এএইচপি