নির্বাচনী অঙ্গীকারে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী ও স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তারা বলেছেন, বর্তমানে দেশের উন্নয়নে ভাবনা হচ্ছে, প্রকৃতির নিজস্ব ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত না করে প্রাণ-প্রকৃতি-পরিবেশবান্ধব উন্নয়ন করতে হবে। কিন্তু আমাদের ধারণা অধিকাংশ রাজনৈতিক দল সেই ভাবনাকে আত্মস্থ করতে পারেননি। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ক নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), জনউদ্যোগ ও ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
মূল প্রবন্ধে ডা. লেলিন চৌধুরী বলেন, দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনমনে বিপুল প্রত্যাশা ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। বর্তমান বৈশ্বিক এবং স্থানিক প্রেক্ষাপটে বাংলাদেশের টিকে থাকা, সুস্থতা ও উন্নয়নের জন্য জনস্বাস্থ্য এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি বলেন, সকল দল ও জোটকে পরিবেশকে বিশেষ গুরুত্ব দিয়ে ইশতেহারে উল্লেখ করতে হবে। এবং পরবর্তীতে যারাই সরকার গঠন করুক, সেই সরকারের একবছর পূর্তিতে প্রতিশ্রুতির কতটা কাজ হলো তা বিশ্লেষণ করা হবে।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য ভালো না হলে সমাজ ভালো হবে না। সমাজের সর্বস্তরের মানুষের মানসিক বিকাশ এবং শিশুকাল থেকেই তার চিন্তাশক্তি সুস্থ করে গড়ে তুলতে হবে। এর জন্য সকলের এক হয়ে কাজ করতে হবে।
বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো স্বাস্থ্যসেবা বলতে প্রধানত চিকিত্সাসেবা বুঝে থাকে। মানুষের সুস্বাস্থ্যের সাথে গবাদিপশুসহ অন্যান্য প্রাণী, কৃষি-উদ্ভিদসহ সকল বৃক্ষাদি এবং মাছসহ সব জলজ প্রাণীর সুস্বাস্থ্য অঙ্গাঙ্গীভাবে যুক্ত। বিষয়টি অধিকাংশ রাজনৈতিক দল উপলব্ধি করে না। আধুনিক পৃথিবীতে উন্নয়ন শুরু হয়েছিল ইউরোপের শিল্প বিপ্লবের পথ ধরে। কিন্তু সে উন্নয়নের কারণে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। ফলে বিশ্ব এখন এক মহা বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এখনকার ভাবনা হচ্ছে- প্রকৃতির নিজস্ব ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত না করে প্রাণ-প্রকৃতি-পরিবেশ বান্ধব উন্নয়ন করতে হবে। কিন্তু আমাদের ধারণা হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল নবতর উন্নয়ন ভাবনাকে আত্মস্থ করতে সমর্থ হয় নাই।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি প্রফেসর ডা. আবু সাঈদ, জনউদ্যোগের জাতীয় কমিটির আহ্বায়ক ডা. মুশতাক হোসেন, পবার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামরুজ্জামান, ঢাকা ৭ ও ৮ আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক বাম জোট প্রার্থী খালেকুজ্জামান লিপন ও শম্পা বসু, ডা. এমদাদুল হক, হরেন্দ্রনাথ সিং, মাহবুল হক, মো. জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হেসেন।
