কিছুদিন আগেই দেশের বাইরে থেকে ফিরলেন হালের ক্রেজ গায়ক ইমরান মাহমুদুল। কানাডা ও লন্ডনে টানা শো করে, সেখানে প্রবাসী বাঙালিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইমরান। অসাধারণ গায়কীতে তিনি সর্ব মহলে বেশ জনপ্রিয় ও প্রশংসিত। প্লেব্যাক, স্টেজ শো, মিউজিক ভিডিও নিয়ে এখন বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। আসছে ঈদেও বেশ কিছু গান নিয়ে আসছেন জনপ্রিয় এই শিল্পী। দেশে ফিরেই তিনি আসছে ঈদের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। এদিকে তিনি অংশ নিয়েছেন একটি পোশাকের ফটোশুটে। ‘গ্রামীণ ইউনিকো’র পোশাকের এই ফটোশুটে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন পড়শী। নিজের একাধিক গানের ভিডিওতে মডেল হলেও এবার তিনি হয়েছেন পোশাকের মডেল। এছাড়াও দেশের বাইরের দুটি শোতে অংশ নিচ্ছেন ইমরান। গত ২৪ জুলাই বুধবার পৌঁছেছেন দুবাইতে। ২৫ জুলাই দুবাইয়ের ক্রাউন প্লাজাতে শো শেষ করে সেখান থেকে যাবেন ব্রুনাই। ২৯ জুলাই এই কনসার্টটি শেষ করে তবেই দেশে ফিরবেন এই গায়ক। সারাবছর দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো করেন, দেশের মানুষকে গান শোনান। কিন্তু দেশের বাইরেও রয়েছে তাঁর অগণিত ভক্ত-অনুরাগী। ইমরান বলেন, ‘সারা বছর তো দেশের মানুষকে গান শোনাই, কিন্তু যাঁরা বিদেশে থেকে দেশটাকে খুব মিস করেন, তাঁদের জন্যই এই কনসার্টগুলো করা। দেশের শিল্পীদের তাঁরা যে কত ভালোবাসেন, তা বলে বোঝানো যাবে না। তাদের ব্যবহার, চোখের ভাষাতেই ফুটে ওঠে দেশের শিল্প-সংস্কৃৃতির প্রতি তাঁদের অকৃত্রিম টান। এই মায়াতেই বারবার ছুটে যাই প্রবাসী ভাইবোনদের গান শোনাতে। এজন্য দেশের বাইরের সব কনসার্টই আমি শুরু করি ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি দিয়ে। আসছে ঈদে বেশকিছু নতুন গান আসছে তাঁর। এরমধ্যে সঙ্গীতার ব্যানারে আসছে ‘ক্ষয়’ শিরোনামের একটি গান। স্নেহাশীষ ঘোষের কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। এই গানে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ইমরানের বন্ধু মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। এই প্রথমবার তাঁরা একসঙ্গে মডেল হয়েছেন। এছাড়াও ঈদে রয়েছে সিনেমার গানও। প্রতি ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাতে ইমরানেই গান থাকছেই। এর মধ্যে রয়েছে শাকিব খান-বুবলী জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমা। ববি ও রোশান অভিনীত ‘বেপরোয়া’ সিনেমাতেও থাকছে তাঁর গান। তিনি বলেন, ‘দুটি সিনেমার গান নিয়েই আমি খুব আশাবাদী। কারণ, সিনেমার গানের ভালো দৃশ্যায়ন হলে তা সহজেই দর্শকের কাছে পৌঁছায়। ঈদের সিনেমার বাইরে সম্প্রতি গেয়েছি সিয়াম-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’, সিয়াম-পূজা অভিনীত ‘শান’, বাপ্পী-মিম অভিনীত ‘সাপলুডু’সহ বেশ কিছু সিনেমায়। এছাড়া সম্প্রতি কলকাতার নতুন সিনেমা ‘প্রতিঘাত’-এও একটি গান থাকবে আমার। এতে অভিনয় করেছেন সোহম ও প্রিয়াঙ্কা সরকার।’
এছাড়াও ঈদের জন্য থাকছে তাঁর বিশেষ কিছু গান। সিএমভি ও ধ্রুব মিউজিক স্টেশন থেকে দুটি সলো গানের ব্যয়বহুল মিউজিক ভিডিও আসছে বলে জানান তিনি। তবে এ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ। গানের রাজা রিয়েলিটি শোর প্রতিযোগী শফিকুলের সঙ্গে একটি গান আসছে ‘ভাবতে ঘেন্না লাগে’ শিরোনামে। এই ঈদেই সে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে।
