লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৩:৪৯

দক্ষিণ লেবাননে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তাসংস্থা এএফপি'র। 

এদিকে ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

ইসরায়েল- ইরানসমর্থিত হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলায় নাবাতিয়েহ জেলার আল-নুমাইরিয়ার কাছে একটি গাড়িতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মোহাম্মদ শোয়েবকে হত্যা করেছে, যার বিরুদ্ধে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

গত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির ফলে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে ইসরায়েলের। তবে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে, বিশেষ করে দক্ষিণে, ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে আসছে।

শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তিনি ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে ইচ্ছুক, তবে সম্পর্ক স্বাভাবিকীকরণ বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয়।  

ইত্তেফাক/এসআর