গত মার্চে মুক্তি পেয়েছিল বলিউডি সিনেমা ‘লুকাচুপি’। রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটিতে একজোড়া তরুণ-তরুণীর বিয়ে না করে লিভ টুগেদার করার মজার গল্প তুলে ধরা হয়েছিল। ‘লুকাচুপি’ ছবিটি বক্স অফিসে হিট ছবি হিসেবে বিবেচিত হয়েছে। ওই ছবিতে রেশমি নামের তরুণী প্রেমিকা চরিত্রে দেখা গেছে কৃতি শ্যাননকে। একক নায়িকা হিসেবে ‘লুকাচুপি’ ছবির বিরাট সাফল্য তাঁকে বলিউডে বেশ অনেকটাই এগিয়ে দিয়েছে। বলা যায়, পায়ের নিচে শক্ত একটি অবস্থান গড়ে নিতে সক্ষম হয়েছেন তিনি এরমধ্যেই। এর আগে ২০১৭ সালে ‘বারলি কি বারফি’ ছবিতেও একক নায়িকা হিসেবে তার পর্দা উপস্থিতি বাজিমাত করেছিল। কমেডি রোমান্টিক ধাঁচের ওই ছবিটিও দর্শকপ্রিয়তা পেয়েছিল। হিট ছবির তকমা লেগেছিল ‘বারলি কি বারফি’ ছবির গায়ে। একই বছর কৃতি শ্যাননের আরেকটি সিনেমা ‘রাবতা’ মুক্তি পেয়েছিল। রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবিটি খুব বড় ধরনের ব্যবসায়িক সফলতা না পেলেও মোটামুটি সাফল্য লাভ করেছিল। ২০১৪ সালে রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘হিরোপান্টি’র মাধ্যমে বলিউডে কৃতির অভিষেক। প্রথম হিন্দি ছবিতেই সবার আলাদা মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছিলেন দীর্ঘাঙ্গী সুন্দরী গ্ল্যামারাস এই তরুণী। একই ছবিতে তাঁর সঙ্গে অভিষেক হয়েছিল বলিউডের অ্যাকশন হিরো হিসেবে ইদানীং ঝড় তোলা টাইগার স্রফের। ‘হিরোপান্টি’ ছবিতে নতুন নায়িকা হিসেবে কৃতি শ্যানন যথেষ্ট সমম্ভাবনার পুরস্কার পেয়ে যান। যদিও এর আগে দক্ষিণী চিত্রলোকে তেলেগু সিনেমা ‘ওয়ান :নেনোক্কাডাইন’-এর মাধ্যমে অভিনয়ে তাঁর অভিষেক। পাঞ্জাবি পরিবারের মেয়ে কৃতি পড়াশোন করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে। সুন্দরী বলে মডেলিংয়ের অফার পাচ্ছিলেন অনেকদিন থেকে। তাঁর বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সম্ভ্রান্ত ভদ্র শিক্ষিত রুচিশীল পরিবার থেকে শোবিজে আসা মেয়েটি শুরুতে বেশ অনেকগুলো প্রেস্টিজিয়াস অ্যাডে মডেল হিসেবে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন। রুপালি পর্দায় তার পদচারণা শুরু হলে দর্শক নতুনভাবে গ্রহণ করেছিল। একজন গ্ল্যামার কন্যা হিসেবে কৃতি শ্যানন কদর পেয়ে আসছেন প্রথম থেকেই। বলিউডের নামীদামি জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গেছেন। শাহরুখ খান প্রযোজিত ‘দিলওয়ালে’ ছবিতে কাজল, বরুন ধাওয়ান, শাহরুখ খানের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। একক নায়িকা হিসেবে অভিনীত তিন-চারটি ছবির ধারাবাহিক সাফল্যের পরও নিজেকে শুধু অভিনেত্রী হিসেবে আটকে রাখেননি কৃতি। একজন আইটেম গার্ল হিসেবে গত বছর ‘স্ত্রী’ ছবিতে এবং এ বছর ‘কলঙ্ক’ ছবিতে তাঁকে দেখা গেছে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কৃতি শ্যানের নতুন সিনেমা ‘অর্জুন পাতিয়ালা’। এখানে তাঁকে একজন টিভি ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে। কমেডি ধাঁচের ছবিটিতে কৃতি অভিনয় করেছেন আরেক জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিত দোসাঞ্জের বিপরীতে। বরাবরই কমেডি রোমান্টিক সিনেমায় অভিনয় করে এলেও আগামীতে ঐতিহাসিক ঘটনাবহুল সিনেমা ‘পানিপথ’-এ তাঁকে একটি বিখ্যাত ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে। ওই ছবিতে সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, পদ্মিনী কোলাপুরে, জিনাত আমান, মোহনিশ বেহলের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে দেখা যাবে কৃতিকে। এর বাইরে কমেডি সিনেমা ‘হাউজফুল ফোর’-এ অন্যতম একজন অভিনেত্রী হিসেবে তাঁকে দেখা যাবে। সব মিলিয়ে চমত্কার স্বাচ্ছন্দ্য গতিতে এগিয়ে চলেছে কৃতি শ্যাননের ফিল্মি ক্যারিয়ার।
