ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মাদারীপুরে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৫, ২১:৫৭

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে। নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের কলেজের ডিগ্রী শেষ বর্ষের শিক্ষার্থী। 

এই ঘটনায় সিহাব ও মামুন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে শহরের পুরাণ বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব ও মামুন ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে হঠাৎ ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়। পরে আয়শার মরদেহ নিয়ে আসা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ। বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নেওয়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি