অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে

প্রামাণ্যচিত্রে মাসুদ আলী খান ও দিলারা জামান

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৪৩

সম্প্রতি নির্বাচনের মধ্য দিয়ে আবারো অভিনয়শিল্পী সংঘের কাজ শুরু করেছে নতুন কমিটি। এই সংগঠনের বর্তমান সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব। নির্বাচনের পরে তাঁদের আগামী ২ বছরে মেয়াদের কাজ নিয়ে বিভিন্ন কথা বলেছেন। পুরোনো কাজগুলো শেষ করা ও নতুন অনেক পরিকল্পনার মধ্যে কাজ করা। সংগঠনের ২১ জন নিজ নিজ জায়গা থেকে শুরু কাজ শুরু করেছেন। এরইমধ্যে জানা গেল, সংগঠনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে প্রামাণ্যচিত্র। নাটকের সিনিয়র শিল্পীদের নিয়ে নির্মিত হবে এই প্রামাণ্যচিত্র।

মাসুদ আলী খান ও দিলারা জামানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। এ প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘নির্বাচনের আগেই প্রামাণ্যচিত্র নির্মাণের কথা বলা হয়। সেই কথা মতেই কাজ শুরু করা। ১ মাসের ভেতরে কাজ শুরু করা হবে।’

কমিটির সহ-সভাপতি আজাদ আবুল কালাম, সদস্য শামস সুমন ও রাজিব সালেহীনের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে। ডিরেক্টরস গিল্ডের মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তিকে প্রামাণ্যচিত্র দুটি বানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে।