‘ওপার’-এর ফারিয়া এপারে

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৫৫

ঢালিউডের পাশাপাশি কলকাতার সিনেমায় দেশের যে ক’জন তারকা বেশ জনপ্রিয়তা পেয়েছেন তাঁদের ভেতর অন্যতম নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার মধ্য দিয়ে কলকতায় তাঁর জনপ্রিয়তা তৈরি হয়। এরপর অনেকেই ভেবেছিলেন কলকাতার একক প্রযোজনায় অভিনয় করবেন ফারিয়া। তবে হুট করেই এমন সিদ্ধান্ত নেননি তিনি। জানান, দেশের সিনেমায় নিজের ক্যারিয়ার ঠিক করতে চান আগে। সেই জায়গা থেকে সফল তিনি।

কারণ বর্তমান ঢাকাই সিনেমায় নায়িকা সঙ্কটে ফারিয়া নিয়মিত কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন। তবে শেষ পর্যন্ত কলকাতার একক প্রযোজনায় দেখা যায় তাঁকে। ‘বিবাহ অভিযান’ শিরোনামে সিনেমায় আবারো কলকাতার নায়ক অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধেন ফারিয়া। কলকাতায় মুক্তির পর এবার আমদানি চুক্তির মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে চলবে ফারিয়ার ‘বিবাহ অভিযান’।

ফারিয়ার বর্তমানে ব্যস্ত আছেন ‘ঢাকা ২০৪০’ সিনেমা নিয়ে। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী। সহশিল্পী হিসেবে আরো রয়েছেন তিশা। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘শাহেনশাহ’ সিনেমাটি। শাকিব খানের সঙ্গে এটিই তাঁর প্রথম সিনেমা।