ক্রলির সঙ্গে গিলের বিবাদ, গালাগালি গড়ালো হাততালিতে 

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৪:৫২

এমনিতে শান্তশিষ্ট ক্রিকেটার হিসেবে পরিচিতি ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বেশ আগ্রাসী মেজাজে দেখা যাচ্ছে তাকে। গতকাল তৃতীয় দিনের শেষ ওভারে সময় নষ্টের অভিযোগে ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলির অশ্রাব্য শব্দ উচ্চারণ করেছেন ভারতের অধিনায়ক। গিলের এমন আচরণকে ‘দ্বিচারিতা’ হিসেবে দেখছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞ কোচ টিম সাউদি।

ভারত ৩৮৭ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ব্যাটিং করে মাত্র ১ ওভার। শেষ বিকেলে ব্যাটিং করা যেকোনো ব্যাটারের জন্য কঠিন। এ ধরনের সময়ে ব্যাটারদের মধ্যে সময় নষ্ট করার যে প্রবণতা দেখা যায়। গতকাল ইংল্যান্ডের ওপেনাররাও সে চেষ্টাই করেছেন। যশপ্রীত বুমরাহ বল নিয়ে দৌড়াচ্ছেন, এমন সময়ে স্টাম্প থেকে সরে দাঁড়ান জ্যাক ক্রলি। একবার নয়, দুবার একই কাজ করেন ইংলিশ ওপেনার।

ক্রলির এমন সময় নষ্ট ভালোভাবে নেননি গিল। ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সম্প্রচার মাইকে ধরা পড়ে, ইংল্যান্ড ওপেনারের উদ্দেশে অশ্রাব্য শব্দ উচ্চারণ করেছেন ভারত অধিনায়ক।

ওভারের চতুর্থ বলে ক্রলি আঙুলে আঘাত পেয়ে ফিজিওকে ডাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের ক্রিকেটাররা একসঙ্গে তার দিকে এগিয়ে গিয়ে ব্যাঙ্গাত্মকভাবে হাততালি দিতে থাকেন। এভাবে বুমরার ওভার শেষ করতেই লেগে যায় ৭ মিনিট। যে কারণে ভারতের সামনে দিনের শেষবেলায় দুই ওভার বল করার সুযোগ থাকলেও বুমরার ওভারেই থামতে হয়।

এমন উত্তাপের মধ্য দিন শেষ হওয়ার পর বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসে। ইংল্যান্ড দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা টিম সাউদি এ নিয়ে বলেন, ‘দিনের শেষে দুই দলের উত্তাপের মুহূর্ত দেখা সব সময়ই রোমাঞ্চকর। তবে আমি বুঝতে পারছি না, কাল (ম্যাচের দ্বিতীয় দিন) দুপুরে যখন শুভমান গিল মাঠে শুয়ে ম্যাসাজ নিচ্ছিল, তখন তারা ঠিক কী নিয়ে অভিযোগ করছিল। দিনের শেষদিকে এমন কিছু তো (সময় নষ্ট) খেলারই অংশ। এটা দিন শেষ হওয়ার এক রোমাঞ্চকর উপায়।’

এ ঘটনায় ভারতের লোকেশ রাহুল ক্রলির পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘দিনের শেষে যা হয়েছে, সেটা খেলারই অংশ। একজন ওপেনারের দৃষ্টিকোণ থেকে বিষয়টা আমি বুঝি। আমি পুরোপুরি জানি, সেখানে কী হচ্ছিল আর সবাই-ই জানে কী হচ্ছিল। শেষ পাঁচ মিনিটে কী ঘটেছিল, তা একজন ওপেনার বুঝতে পারবে।’

ইত্তেফাক/জেডএইচ