সাহিত্য-সংস্কৃতি পরিষদের কবি আড্ডা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:০৪

গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে ‘কবিতা কাগজ’ ও ‘মধুকর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে শেরপুরের ৮ জন কবি-সাহিত্যিককে তাঁদের প্রকাশিত পুস্তক ও কবিতার ওপর স্মারক সম্মাননা প্রাপ্ত হওয়ায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

গত ১৯ জুলাই সন্ধ্যায় শহরের খরমপুরের শেরপুর মিডিয়া সেন্টারে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কবি আড্ডায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি গণগ্রন্থগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম। এ সময় সংগঠনের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত কবি ও সাহিত্যিকরা স্বরচিত কবিতাপাঠ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাজ্জাদুল করিম তাঁর বক্তব্যে জানান, সরকারি গণগ্রন্থগারের উদ্যোগে স্থানীয় কবি-সাহিত্যিকদের লাইব্রেরিমুখি করার জন্য কয়েক দিনের মাঝেই জেলার সকল কবি-সাহিত্যিকের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। এছাড়া জেলার বিভিন্ন স্তরের কবি-লেখকদের প্রকাশিত গ্রন্থ বা অন্যান্য প্রকাশনা ও তথ্যাদি নিয়ে একটি কর্ণার করার চিন্তা-ভাবনা রয়েছে। এক্ষেত্রে তিনি উপস্থিত সকল কবি-সাহিত্যিকের সহযোগিতা কামনা করেন।

পরে গাঙচিলের সৌজন্যে রফিক মজিদের সম্পাদনায় ‘কবিতা কাগজ’ এবং কবি রুবেল খান সম্পাদিত ‘মধুকর’-এর মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে কবি সংসদ বাংলাদেশ থেকে ‘কবি জসিম উদ্দিন’ ও ‘সমুদ্র গুপ্ত’ পুরস্কার, অনলাইন বিশ্ব কাব্য সংস্থা এবং ঢাকায় সোনার বাংলা সাহিত্য পরিষদ থেকে মুক্তিযোদ্ধা ছায়েদুর ইসলাম গ্রন্থ স্মারক সম্মাননা প্রাপ্তদের মাঝে নূরল ইসলাম মনি, হাসান শরাফত, আশরাফ আলী চারু, মোস্তাফিজুল হক, মহিউদ্দিন বিন জুরায়েদ, রাবিউল ইসলাম, ব্র্রীজেট বেবী ও জান্নাতুল ফেরদৌসি শিশুকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

কবি আড্ডায় অন্যান্যের মাঝে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আরিফ হাসান, মুফতী নূরুল ইসলাম নাযীফ, জান্নাতুল রিকসানা, শফিকুল ইসলাম, রুমেল খান, নাসিম তালুকদার, মাহমুদুল হাসান আরিফ, আজাদ সরকার, মো. কলিন মিয়া, কাজি মাসুম প্রমুখ।