বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে টেকসই উদ্ভাবনকে উৎসাহিত করতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত ‘টেক্সটাইল হ্যাক ২০২৫: প্রোটোটাইপ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী শিক্ষার্থী দল।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল উদ্ভাবনী চিন্তার মাধ্যমে টেক্সটাইল খাতের চ্যালেঞ্জ মোকাবেলার টেকসই সমাধান খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের বাস্তবসম্মত প্রোটোটাইপ উপস্থাপনার সুযোগ করে দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেন্স। সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ মশিউল আজম সজল, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসাইন, ডিবিএল গ্রুপের প্রধান সাসটেইনেবিলিটি অফিসার মোহাম্মদ জাহিদুল্লাহ, এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহেল আনোয়ার অপু।
চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো ‘লাইভ প্রোটোটাইপ মার্কেটপ্লেস’ এবং পিচ সেশনের মাধ্যমে তাদের ধারণা উপস্থাপন করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের “Green Wave”, রানার আপ হয় রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের “FebBoard”, দর্শক পছন্দে পুরস্কার লাভ করে বিইউএফটি’র দল “FAB 5”
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী চিন্তা ও শিল্পখাতে প্রয়োগযোগ্য সমাধান তৈরির দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সংযোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, টেক্সটাইল খাতে টেকসই উন্নয়নের জন্য তরুণ উদ্ভাবকদের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিইউএফটি ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাবে।
