মুন্সীগঞ্জ থেকে অপহরণ করা বাল্কহেডটি বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) অভিযান চালিয়ে ঢাকার উত্তরা ও বরিশাল জেলা থেকে নৌ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তাদের দেয়া তথ্যে বরিশালের দুর্গম নদী থেকে অপহরণ করা বাল্কহেডটি উদ্ধার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- বাল্কহেডের মিস্ত্রি বেল্লাল (৩৫) ও তার সহযোগী মো. সবুজ ওরফে টগর (৩৫)। নৌ পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৭ জুলাই) ভোরে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে আব্দুল্লাহ আল ফারুক ওরফে লিটনের মালিকানাধীন বাল্কহেডে বাল্কহেডের সুকানি মো. আক্তার হোসেন খান (৫০) ও বাল্কহেডের মিস্ত্রি বেল্লাল (৩৫) সিমেন্ট লোড করে ঢাকার আমিনবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। দুষ্কৃতিকারীরা গন্তব্যস্থলে না গিয়ে পরস্পর যোগসাজসে বাল্কহেড নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে নিজেরা অজ্ঞাত অপহরণকারী সেজে বাল্কহেড মালিককে সংবাদ পাঠায় যে বাল্কহেডের উল্লিখিত সুকানি ও মিস্ত্রিকে অপহরণ করা হয়েছে এবং বাল্কহেড ও তাদের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করা হয়েছে।
১০ জুলাই এমন সংবাদের প্রেক্ষিতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এর নির্দেশনায় এসপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এর সার্বিক তত্ত্বাবধানে নৌ পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা থেকে বাল্কহেডের মিস্ত্রি বেল্লালকে এবং বরিশাল থেকে তাদের সহযোগী মো. সবুজ ওরফে টগরকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরিশাল জেলার দুর্গম নদী থেকে অপহরণ করা বাল্কহেডটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ (বিশ) লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেন এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মূলত বাল্কহেডটি কেটে বিক্রি করে দেয়া এবং মালিকের কাছ থেকে টাকা আদায় করার উদ্দেশ্যে তারা বরিশালের দুর্গম এলাকায় বাল্কহেডটি নিয়ে যায় এবং নিজেরা অজ্ঞাত স্থানে চলে যায়।
এ বিষয়ে বাল্কহেডের মালিক আব্দুল্লাহ আল ফারুক ওরফে লিটন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় পূর্ব পরিকল্পিতভাবে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গসহ চাঁদা দাবির অপরাধে একটি নিয়মিত মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে বলে নৌ পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
