মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন। এর আগে গ্রেপ্তারদের তথ্যে রোববার রাতে উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটার জঙ্গলে কঙ্কালের সন্ধান মেলে।

রাশেদুলের বাবা মো. শাহজাহান প্যান্ট ও গেঞ্জি দেখে তার ছেলের বলে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট রাত ৯টার দিকে জসিম মিয়া নামে এক যুবক মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেনি। পরদিন সকালে রাশেদুলের সেল ফোন থেকে তার বাবার কাছে নারী কণ্ঠে রাশেদুলকে অপহরণ করা হয়েছে এমন তথ্য জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা পাঠাতে দুই ঘণ্টা সময় বেঁধে দিয়ে কয়েক দফা মুঠো বার্তাও পাঠানো হয়।

পরে রাশেদুলের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। ২৫ আগস্ট জসিম নামে এক অপহরণকারীকে প্রধান আসামি করে থানায় অপহরণ মামলা করেন তিনি।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা রোববার দুপুরে শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিম উদ্দিন নামে এক যুবককে (২৪) গ্রেপ্তার করেন। পরে জসিমের দেওয়া স্বীকারোক্তির সূত্রে অভিযান চালিয়ে একই গ্রামের রফিক (২৮) ও মোজাম্মেল (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জিকরুল জানান, জসিমের দেওয়া তথ্য অনুযায়ী চন্দ্রপুর গ্রামের গারোর ভিটায় অভিযান চালিয়ে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাড়, থার খুলি এবং পোশাক উদ্ধার করা হয়। পোশাক দেখে নিখোঁজ রাশেদুলের বলে শনাক্ত করেন তার বাবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা রাশেদুলকে গলা টিপে হত্যার কথা স্বীকার করে। ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।

ইত্তেফাক/এপি