সুপ্রিম কোর্ট ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২১:৪৬

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ এলাকাগুলো: প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২)-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক, মৎস্য ভবনসংলগ্ন সড়ক।

এই এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি।

এর আগে গত ১২ জুন একই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ডিএমপি। তবে নতুন বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হলো।

এর পাশাপাশি গত ৮ জুলাই সচিবালয় ও তার আশপাশের এলাকাগুলোতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। সেই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড মোড়

ডিএমপি জানিয়েছে, এসব এলাকায় জনশৃঙ্খলা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

ইত্তেফাক/এএম