বাণিজ্য বিরোধের ফলে বিশ্ব প্রবৃদ্ধি কমবে :আইএমএফ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৬

চীন-মার্কিন বাণিজ্য বিরোধ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে আসার পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বিশ্ব অর্থনীতির হালনাগাদ পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য বিরোধ বিনিয়োগকে বাধাগ্রস্ত করে। যার প্রভাব প্রবৃদ্ধিতে পড়ে। চলতি ২০১৯ সাল শেষে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত হতে পারে যা ২০২০ সালে সাড়ে তিন শতাংশ পর্যন্ত হতে পারে। গত এপ্রিলের পূর্বাভাস হতে শূন্য দশমিক ১ শতাংশ কমিয়ে জুলাইয়ের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতি প্রান্তিকেই আইএমএফ পূর্বাভাস প্রতিবেদন হালনাগাদ করে প্রকাশ করে। সংস্থাটি বলছে, বাণিজ্য ঘাটতি মোকাবিলায় শুল্ক আরোপের মতো সিদ্ধান্ত সঠিক নয়। এই পদ্ধতির ফলে বাণিজ্য বাধাগ্রস্ত হয়, সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় প্রবৃদ্ধি। সবমিলিয়ে বাণিজ্য নিয়ে অনিশ্চয়তার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বছরের শুরুতে অর্থনীতিতে যে চাঙ্গাভাব দেখা গিয়েছিল যেটি পরে ধীর হয়। এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও আগামী বছর ২০২০ সালে এটি ১ দশমিক ৯ শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হচ্ছে। এরমূল কারণ চীনসহ বিভিন্ন দেশের আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপ করায় দেশটিতে অভ্যন্তরীণ চাহিদা কমে আসবে, যার প্রভাব দেশটির প্রবৃদ্ধিতে পড়বে। অনেক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে চীনা পণ্যে। আইএমএফ বলছে এর প্রভাব চীনেও পড়বে। এ বছর চীনে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হলেও আগামী বছর এই হার ৬ শতাংশে নেমে আসবে। শুধু বাণিজ্য বিরোধই নয়, যুক্তরাজ্যের ব্রেক্সিট নিয়ে চলমান সংকট এবং বহু দেশে ঋণ বেড়ে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকুচিত হয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এবারের প্রতিবেদনে বড়ো অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি অল্প হলেও কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এরমধ্যে জার্মানি এবং জাপান উল্লেখযোগ্য। এছাড়া ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকাও রয়েছে।