যশোরের মনিরামপুরে পারিবারিক জমি–জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের এজহার মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে জমিজমা নিয়ে বিরোধের একপর্যায়ে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মান্নান মারা যান।
মনিরামপুর থানা বিএনপির সহসভাপতি ও হরিহরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, ‘মান্নান ভাই সব সময় পারিবারিক বিরোধ সমঝোতায় মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু ভাই হান্নান ও তার পরিবারের অসহযোগিতায় সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জীবন দিতে হলো।’
ঘটনার পরপরই অভিযুক্ত রহমতউল্লাহ ও তার বাবা-মা—আব্দুল হান্নান ও রেশমা খাতুন—যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পুলিশি পাহারায় তারা চিকিৎসাধীন ছিলেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, নিহত মান্নানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
