মইনুল হোসেনসহ সকল আইনজীবীর মুক্তি দাবি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনসহ গ্রেপ্তার সকল আইনজীবীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল থেকে অধিক হারে আইনজীবীদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ারও দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী শাহ মো. খসরুজ্জামান।

খসরুজ্জামান বলেন, আসন্ন নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রার্থী ও শোষণমুক্ত সমাজ চাই। নির্বাচন যাতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এবং সংঘাতপূর্ণ অবস্থার সৃষ্টি না হয় সেজন্য দেশের তরুণ ও নবীন আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে স্ব স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল জালাল চৌধুরী, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. আবুল বাশার, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আনামুল হক, মিজানুর রহমান, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট সায়মা খান প্রমুখ।