চীনের দাঝু শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকির ছেলেদের বিভাগে বাংলাদেশ চতুর্থ হয়েছে। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান জিন্নাত। পরশু চীনে টুর্নামেন্ট শেষে যখন পুরস্কার বিতরণ করা হয় এবং সেরা গোলরক্ষক বাংলাদেশের জিন্নাতের নাম ঘোষণা করা হয়, জিন্নাত তখন ঢাকার সাভারে। হাসপাতালের বেডে। অপারেশন থিয়েটারে যাওয়ার অপেক্ষায়।
চীন থেকে ঢাকায় দলের কোচ মওদুদুর রহমান শুভ জিন্নাতকে জানিয়েছেন সেরা খেলোয়াড় হওয়ার খবরটি। খবর শুনে জিন্নাত খুশি হলেও হাসতে পারেননি। জিন্নাতের ডান দিকের চোয়াল ভেঙে গিয়েছে। অস্ত্রপচার করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। ডানদিকের চোয়ালের ওপর থেকে নিচে ভেঙে গিয়েছে। দুই জায়গা ভেঙেছে। রোববার রাতে পৌনে ১১টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় জিন্নাতকে, রাত সাড়ে ৩টায় বেডে আনা হয়।
গতকাল দুপুরে চোখ খুললেও কথা বলার মতো পরিস্থিতি হয়নি। এখনই কথা বলতে পারবেন না। দেরি হবে। খোঁজ নিয়ে জানা গেছে জিন্নাতের আঘাত প্রাপ্ত চোয়ালে দুটি প্লেট বসানো হয়েছে, ১৬টি স্ক্রু লাগানো হয়েছে।
জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় মশিউর রহমান বিপ্লব হাসপাতালে যোগাযোগ রাখেন। তিনি নিজেও হাসপাতালে ছিলেন জিন্নাতের খোঁজখবর নিয়েছেন। ১৮ বছর বয়সের এই খেলোয়াড় বিকেএসপির শিক্ষার্থী। চীনে গিয়েছিলেন এশিয়ান কাপ খেলতে। ভালোই খেলছিলেন। হংকং চায়নার বিপক্ষে প্রতিপক্ষের খেলোয়াড়ের বলের আঘাতে গোলরক্ষক জিন্নাতের চোয়াল মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। মাঠেই লুটিয়ে পড়েছিলেন রক্তাক্ত জিন্নাত। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে অস্ত্রপচারের কথা বলা হয়েছিল।
কিন্তু অস্ত্রপচারের পর ২১ দিন পর্যবেক্ষণে থাকতে হবে বলে হাসপাতাল থেকে বলা হয়। সমস্যা দেখা দেয় ভিসার মেয়াদ নিয়ে। এত লম্বা সময় ভিসার মেয়াদ থাকবে না। ভিসার মেয়াদ বাড়ালেও টুর্নামেন্ট শেষ হলে পুরো দল ঢাকায় ফিরে আসবে। তখন জিন্নাতের পাশে কেউ থাকার সুযোগ পাবেন না। এই পরিস্থিতি বিবেচনায় জিন্নাতকে দ্রুত ঢাকায় পাঠানো হয় এবং সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁওয়ের ছেলে জিন্নাত, এবারই প্রথম বিদেশে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন। তার মুখের আঘাত গুরুতর। মশিউর রহমান বিপ্লব জানিয়েছেন তার খেলোয়াড়ি জীবনেও এমন অভিজ্ঞতা রয়েছে। বিপ্লব বলেন, 'জিন্নাতের মতো আমিও একই ভাবে আহত হয়েছিলাম। মামুনুর রহমান চয়নের বলে আমার চোয়াল ভেঙে গিয়েছিল। অস্ত্রপচারের পর আমি খেলায় ফিরে আসি, তিন মাস খেলা থেকে দূরে থাকতে হয়েছিল। হয়তো জিন্নাতের বিশ্রামের বেলায় একই সময় লাগতে পারে।'
