জামালপুরের মেলান্দহে বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউরকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবিরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বহিস্কৃত মশিউরের বিরুদ্ধে দুই রিক্সাচালককে মারধরসহ দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মশিউর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং সাবেক ছাত্র নেতা। বহিস্কারাদেশে মশিউরকে দলের সদস্য পদসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে গাজী রাশেদুজ্জামান মশিউর গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে রেল স্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে অনুরোধ করি। সে রাজি না হওয়ায় ধমক দিই। তখন পাশের এক রিকশাচালক আমার সঙ্গে কথা কাটাকাটি করে ধাক্কা দেয়, আমিও তাকে ধাক্কা দিই। ঘটনা এটুকুই। এরপর দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানাই।
উল্লেখ্য, ৫ আগস্টের পর মশিউরের বিতর্কিত কর্মকাণ্ডে স্থানীয়ভাবে নেতিবাচক প্রভাব ফেলে। সম্প্রতি প্রয়াত ছাত্রদল নেতা আনিসুর রহমান স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভার প্রচার মাইক ভাংচুরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সময়ে মালঞ্চ এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে আরেক রিকশা চালককে মারধরের ঘটনা ঘটে। এসময় ওই রিকশাচালককে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করেন মশিউর।

