জগন্নাথের প্রিয়মুখ সাঈদ মাহাদী

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার। দর্শন বিভাগ নিয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন। বহুমুখী প্রতিভার অধিকারী সাঈদ সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি ফিলোসোফি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্যাম্পাসের সর্বমহলে পরিচিত এই মুখ ২০১৫ সালে মোহনা টিভিতে ‘ঐশরাজের জন্মবারতা’র মাধ্যমে টিভি নাটকে অভিষেক হন। তিনি আরটিভিসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে মো. আশরাফুজ্জামানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন’ নাটকে একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি বাংলা টিভিতে প্রচারিত হয়। একই পরিচালকের অধীনে হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায় নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া বৈশাখী টিভির একটি ধারাবাহিক নাটকেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মাহাদী নটর ডেম কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাশ করেন। কলেজে অধ্যয়নকালে তিনি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নটর ডেম নাট্যদলে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি নাট্যদলের ২০১৩-১৪ কার্যনির্বাহী কমিটিতে সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন মঞ্চে একাধিক নাটকে অভিনয় এবং নির্দেশক হিসেবে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য নাটক মন্থন, সূর্য উঠবেই, সূর্যোদয়, শালিকের আর্তনাদ, জয়বাংলা, সংস্কৃতি ও ধোঁয়াশা। এ ছাড়া বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়মিত প্রদর্শিত হচ্ছে।

মঞ্চনাটকের পাশাপাশি টিভি নাটক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত মাহাদী। তার নির্দেশনায় উল্লেখযোগ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো : রংট্রাক, রিয়েলিটি, ইনকমপ্লিট স্টোরি, অটোপসি অফ রেমিনিসেন্স, যার যা ও একশন। দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে লেখালেখির মাধ্যমে তার জাতীয় দৈনিকে লেখালেখির সূচনা। তিনি নিয়মিত বিভিন্ন ম্যাগাজিন ও জার্নালেও লেখালেখি করেন। নাট্যজগতে অবদানের স্বীকৃতিস্বরূপ নটর ডেম কলেজ নাট্যদলের ৮ম জাতীয় নাট্যোত্সব ও কর্মশালায় নাট্যদলের সর্বোচ্চ সম্মাননা আজীবন সদস্যপদ দিয়ে তাকে সম্মানিত করা হয়। বহুমুখী প্রতিভার অধিকারী সাঈদ মাহাদী সেকেন্দার খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।