বাগেরহাটে চিতলমারী ও মোল্লারহাটে কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে গেছে বিল পাড়ের অধিকাংশ চিংড়ি ঘের। নষ্ট হয়েছে চাষিদের সবজি ক্ষেত ও বীজতলা। প্লাাবিত হয়েছে বেশ কিছু নিচু এলাকা।
সোমবার (১৪ জুলাই) পর্যন্ত হিসাব অনুযায়ী, ভারী বর্ষণে চিতলমারীতে ২৫ সেক্টর বীজতলা, ৩১ হেক্টর সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিসের কর্মকর্তারা। বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ও রোপা আমনে ব্যাপক ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুরাতন কালশিরা, শ্রীরামপুর, পার ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা জানান, গত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিও বেড়েছে। পানিতে তলিয়েছে চিংড়ি ঘের। নেট পাটা দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন চাষিরা। সেই সঙ্গে বাগদা চিংড়িতে ভাইরাসও দেখা যাচ্ছে। এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
মোল্লারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা ও চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন- কলিগাতী, রুইয়ের কুল, আরুলিয়া, খড়িয়া, সোনাখালী, বেনাবাড়ি, খিলিগাতি নিচু পাড়ার অধিকাংশ ঘের পানির নিচে। এলাকার চাষিরা অভিজ্ঞ হওয়ার কারণে ঘেরের চারপাশে নেট দিয়ে রেখেছে। মোল্লাহাটের গাওলা,কেন্দুয়া, কোদালিয়া, কেয়ারের রাস্তার পাশের নিচু এলাকার ঘেরগুলো পানি ছুঁই ছুঁই করছে। চাষিরা নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছে। আর দুই এক দিন বৃষ্টি অব্যাহত থাকলে চিতলমারী ও মোল্লাহাটে মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হবে।
চিতলমারি উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, সোমবারের হিসাব অনুযায়ী, ভারী বর্ষণে চিতলমারীতে ২৫ সেক্টর বীজতলা, ৩১ হেক্টর সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। এমন বৃষ্টি হতে থাকলে সবজি ও রোপা আমনে ব্যাপক ক্ষতি হবে।
