রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গতকাল বুধবার সকালে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, বেলাল হোসেন ও শ্যামল বর্মণ। তারা দুই জনই পেশায় মাছ বিক্রেতা। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক আবু সাইদ ও আরো এক যাত্রী। আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নতুন বাজার সংলগ্ন কোকাকোলা এলাকায় গতকাল ভোর সোয়া ৬টার দিকে একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি দূরপাল্লার যাত্রাবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনার পরে বাসটি রেখে চালক পালিয়ে যায়।
গুরুতর আহত চালকসহ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই যাত্রী বিলাল ও শ্যামলকে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, বেলাল ও শ্যামলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভদ্রপুর গ্রামে। থাকতেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়।
নিহত বেলালের স্ত্রী সালমা আক্তার জানান, তার স্বামী ও শ্যামল এক সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার ফুটপাতে মাছ বিক্রি করেন। ভোরে তারা কাওরান বাজার আড়ত থেকে মাছ কিনে সিএনজি অটোরিকশা যোগে ফিরছিলেন। বেলাল ও শ্যামলের দুটি করে ছেলে আছে। আহত সিএনজি চালক আবু সাঈদের বাড়ি কিশোরগঞ্জে। থাকেন রাজধানীর মেরুল বাড্ডায়।
