গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা সফল হবে না :কৃষিমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৪৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, যারা নানা রকম গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, তারা সফল হবেন না। জনগণকে সঙ্গে নিয়ে গুজব সৃষ্টিকারীদের আমরা কঠোরভাবে দমন করব। গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি আরো বলেন, আমরা মানবতায় বিশ্বাস করি। ধর্মান্ধতা এখানে নেই।

কৃষিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা। আমরা টিমভিত্তিক কাজ করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আহামরি কিছু করতে পারছি না। কিন্তু বানভাসি মানুষের পাশে আমরা আছি,  এটা জানান দেওয়ার চেষ্টা করছি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ, আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন, দলের দক্ষিণের  সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।