ভালুকার আলোচিত তিন খুন: প্রধান আসামি নজরুল গ্রেপ্তার

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২০:১৮

ময়মনসিংহের ভালুকায় আলোচিত মা ও দুই শিশু হত্যাকাণ্ডের মামলার প্রধান সন্দেহভাজন নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের পর থেকেই নজরুল পলাতক ছিল। তাকে ধরতে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে ময়মনসিংহ, গাজীপুরসহ আশপাশের জেলাগুলোতে অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার জয়দেবপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসায় নির্মম এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম তার বড় ভাইয়ের স্ত্রী ময়না বেগম (২৫), ভাগ্নি রাইসা (৭) ও ভাগিনা নিরব (২)-কে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

ইত্তেফাক/এএইচপি