জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের দাবি

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৪৬

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল বুধবার সমিতির তেজগাঁওয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার।

 সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, গত মঙ্গলবার  হাইকোর্ট গাড়ির ফিটনেস নবায়ন করার জন্য দুই মাস সময় দিয়ে একটি আদেশ জারি করেছেন। তিনি এই আদেশকে স্বাগত জানিয়ে বলেন, সেসব গাড়ির কাগজপত্র হালনাগাদ  করার জন্য জরিমানা ব্যতিরেকে কাগজপত্র নবায়নের সুযোগ দেওয়া হোক। এতে একদিকে যেমন গাড়ির মালিক কাগজপত্র নবায়নের সুযোগ পাবে অন্যদিকে সরকারের শত শত কোটি টাকা রাজস্ব আদায় হবে। সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আমির হোসেন নান্নু, খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, রফিকুল আলম সেলিম, ফারুক হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুটু, প্রচার সম্পাদক হাজী মো. শাজাহান, ক্রীড়া সম্পাদক নান্নুপাটওয়ারী প্রমুখ।