অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২০:৫৭

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধী যেন কেউ ছাড় না পায় সেজন্য তাদের কঠোরভাবে দমন করতে হবে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ইউনিট প্রধানদের দক্ষতার সঙ্গে ইউনিট পরিচালনা করতে হবে। সবাইকে দায়িত্ববোধ ও আগ্রহের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।

সাজ্জাত আলী আরও বলেন, নিয়মিত টহল জোরদার করা, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো, তল্লাশিচৌকি পরিচালনা, মামলা তদন্তের অগ্রগতি এবং মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি চোরাই গাড়ি উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, পরোয়ানা তামিল এবং মামলা তদন্তে পরিকল্পনা করে কাজ করতে হবে। তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর জোর দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মামলা তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও তদারকি বাড়াতে হবে। ঈদুল আজহায় নানা চ্যালেঞ্জের মধ্যেও দায়িত্ব পালন করায় সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান তিনি।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এ সময় ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

মাসিক সভায় জুন মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

ইত্তেফাক/এমএএস