বাড়ছে পানি পানির জোয়ার
বাঁচন-মরণ ভয়—
মাঠ ডুবে শেষ ঘাট ডুবে শেষ
এর পরে কী হয়!
বিল জলাধার হাওড় বাঁওড় ঝিল
পুকুর দিঘি গাঙ জেগে নেই তিল
গর্ত ডোবা নদী নালা
জোল জলাশয় খাল,
দেখেছিলাম সামান্যটুক
জেগেই ছিল কাল।
আজ দেখি তার করুণ বানে
চতুর্দিকে পাথার,
জলের ওপর জলের নাচন
জলের মাতম-সাঁতার।
পাঠশালা হাট বাজার দোকান
ঘরবাড়ি যায় ভেসে
কারা কোথায় কে কার স্বজন
পাশে দাঁড়াও এসে।
