মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট আচরণ নতুন কিছু নয়। তবে এবার বিবিসির এক সাংবাদিককে ঘুম থেকে ডেকে তুলে সরাসরি ফোনালাপেই দিলেন একচেটিয়া সাক্ষাৎকার—যেটা এখনও যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের জন্য নতুন ঘটনা। খবর বিবিসির।
ঘটনাটি ঘটেছে বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক প্রধান সংবাদদাতা গ্যারি ও'ডোনোহুর সঙ্গে। তিনি নিজেই জানান, 'সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হঠাৎ হোয়াইট হাউস থেকে কল আসে, আর তখন আমি গভীর ঘুমে ছিলাম। ফোন ধরতেই প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, "হাই গ্যারি, আমি প্রেসিডেন্টের সঙ্গে আছি, নিন কথা বলুন।"'
গ্যারি বলেন, ট্রাম্পের ওপর পেনসিলভানিয়ার বাটলারে ঘটে যাওয়া হামলার এক বছর পূর্তির প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরেই তিনি আশা করছিলেন প্রেসিডেন্টের সাক্ষাৎকার পাবেন। সেই ঘটনার প্রতিবেদন আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তুলেছিল, এবং সম্ভবত সেখান থেকেই ট্রাম্পের নজরে আসেন গ্যারি।
প্রথমে সাক্ষাৎকার দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, নির্ধারিত সময় পার হয়ে যায়—ফোন আসে না। শেষমেশ হতাশ হয়ে বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে পড়েন তিনি। ঠিক তখনই ফোন বেজে ওঠে, আর শুরু হয় নাটকীয় অধ্যায়।
গ্যারি জানান, 'ঘুম ভেঙে দ্রুত বসার ঘরে ছুটে যাই, রেকর্ডার খুঁজছি, এর মধ্যে লাইন কেটে গেল। ভেবেছিলাম আর কিছুই হবে না। কিন্তু কয়েক মিনিট পর আবার কল এলো।'
এরপর প্রায় ২০ মিনিট ধরে ট্রাম্প খোলামেলা কথা বলেন নানা বিষয়ে—পেনসিলভানিয়ার সেই ‘দুঃস্বপ্নের রাত’ থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তার হতাশা, ন্যাটো নিয়ে ভিন্নমত, এবং যুক্তরাজ্য সম্পর্কেও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, ট্রাম্প ক্যামেরার সামনে বসে আনুষ্ঠানিক সাক্ষাৎকার দেওয়ার চেয়ে ফোনে হঠাৎ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন—এটি তার বহুদিনের চর্চা।
