সরকারি চাকরিতে পরীক্ষার ফি কমানো হোক

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:০৪

বাংলাদেশে বর্তমান সময়ে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে। সরকারি চাকরিতে একটি পদের বিপরীতে ৪০-৪৫ বা তারও বেশি জন আবেদন করে থাকে। দেশের বেকারদের আবেদনের মাধ্যমে সরকার লাভবান হচ্ছে। আর প্রত্যাশিত চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন বেকাররা। অনেক শিক্ষিত বেকার টাকার অভাবে চাকরির আবেদনই করতে পারেন না। ফলে যোগ্য ও মেধাসম্পন্ন লোকেরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারছেন না। বেকারত্বের অভিশাপ নিয়ে তারা পারিবারিক ও সামাজিক নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন। সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে দেওয়া হলে বেকাররা খুবই উপকৃত হবেন। বিষয়টি বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আল-মামুন

মুসলিমের মোড়, ভৈরব, কিশোরগঞ্জ