আজ ১৬ জুলাই, ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। এদিনটি স্মরণে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ঢাকা কাস্টমস হাউস। ‘জুলাই বিপ্লব’ ও শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল কাস্টমস ক্লাব।
সকাল ১০টা থেকে ঢাকা কাস্টমস হাউসের কাস্টমস ক্লাবে শুরু হয় এই রক্তদান কার্যক্রম। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুমা রহমান জানান, “দিনব্যাপী এই কর্মসূচি থেকে আমরা ১০০ থেকে ১২০ ব্যাগ রক্ত সংগ্রহের আশা করছি, যা থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় কাজে লাগবে।”
রক্তদানকারী কাস্টমস কর্মকর্তারা জানান, “শহীদ আবু সাঈদ দেশের জন্য জীবন দিয়েছেন, আর আমরা আজ রক্ত দিয়ে তার আত্মত্যাগকে স্মরণ করছি। এই রক্ত দেশের মানুষের জীবন বাঁচাতে কাজে লাগুক — এটাই আমাদের কামনা।”
অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী এই প্রথমবারের মতো রক্ত দেন। তাদের মধ্যে একজন বলেন, “আবু সাঈদের মতো শহীদরা আমাদের অনুপ্রেরণা। দেশের প্রয়োজনে আমাদের রক্তও প্রস্তুত।”
ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, থ্যালাসেমিয়া এক ধরনের জন্মগত রক্তশূন্যতা, যা বংশ পরম্পরায় ছড়ায়। এই রোগ প্রতিরোধে বিয়ের আগেই থ্যালাসেমিয়া পরীক্ষা করার পরামর্শ দেন তারা।
উল্লেখ্য, মাত্র এক বছর আগে, ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ হন ছাত্রনেতা আবু সাঈদ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আত্মত্যাগ নতুন মোড় দেয় দেশের রাজনীতিতে, যার ধারাবাহিকতায় শুরু হয় তৎকালীন সরকারের পতনের প্রক্রিয়া।

