এক ম্যাচ নিষিদ্ধ মেসি

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:১০

লিওনেল মেসি কোপা আমেরিকায় লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এছাড়াও দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের সততাকে প্রশ্নবিদ্ধ করায় ১৫০০ ডলার জরিমানা করা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।

শুধু মেসিই নন, কোপা আমেরিকা চলাকালে কনমেবলের সমালোচনা করায় শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। কনমেবল তাকে ফিফার নীতি-নির্ধারণী কমিটির প্রতিনিধির পদ থেকে সরিয়ে দিয়েছে। মেসি গেল কোপা আমেরিকার শুরু থেকেই মাঠের মান এবং সার্বিক অবস্থা নিয়ে সমালোচনা করে যাচ্ছিলেন। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেবার পর তো বলেই বসেছিলেন যে, ব্রাজিলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কনমেবল।  এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে বিতর্কিত এক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বার্সেলোনা তারকা বলেন ব্রাজিল ম্যাচের পর করা মন্তব্যেরই জেরে লাল কার্ড দেখানো হয়েছে তাকে। সঙ্গে কনমেবলের উপর পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। এমন মন্তব্যের পর বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন মেসি। কোপা জয়ের পর ব্রাজিল কোচ ও খেলোয়াড়রা তার মন্তব্যের সমালোচনা করেন। কোপা আমেরিকার রেফারিং ও কনমেবলের সমালোচনা করায় ধারণা করা হচ্ছিল বড় শাস্তি অপেক্ষা করছে তার সামনে।

কিন্তু এরপর মেসির শাস্তি কমাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবলের কাছে আবেদন করে। মেসি নিজেও এমন মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ফলে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি তার ব্যাপারটি বিবেচনা করে। এরপর লাল কার্ড দেখার মৌলিক এক ম্যাচ নিষেধাজ্ঞা এবং মন্তব্যের জন্য ১৫০০ ডলার জরিমানা করে। আর্জেন্টাইন ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া ৩ জুলাই এক খোলা চিঠিতে মেসির সুরেই কনমেবলের সমালোচনা করেন। এর শাস্তিস্বরূপ ফিফার নীতি-নির্ধারণী কমিটিতে কনমেবলের প্রতিনিধিত্ব করার অধিকার হারালেন তাপিয়া।