আগামী বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকের পদক গতকাল বুধবার জাপানে উন্মোচিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদকগুলোর সবকয়টিই তৈরি হয়েছে জাপানি নাগরিকদের ফেলে দেয়া বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে উদ্ধার করা স্বর্ণ, রৌপ্য ও তাম্র থেকে। শেষ দুই বছরে এ উদ্দেশ্যে প্রায় ৬২ লাখ জাপানি নাগরিক নিজেদের অব্যবহূত মোবাইল ফোন দান করেছেন আয়োজকদের। এই ডিভাইসগুলো থেকে পাওয়া ৩২ কিলোগ্রাম স্বর্ণ, ৩.৫ টন রৌপ্য এবং ২.২ টন তাম্র দিয়ে ৫০০০ অলিম্পিক এবং প্যারা অলিম্পিক পদক তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৬ রিও অলিম্পিকেও ফেলে দেয়া ডিভাইসের পুনর্ব্যবহার করে পদক তৈরি করা হয়েছিল। তবে তার পরিমাণ এবারের অলিম্পিকের সমান নয় মোটেও।
