বোর্ড সভায় নির্বাচকদের ভাগ্য নির্ধারণ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:১২

জাতীয় দলের নির্বাচক কমিটিতে পরিবর্তনের গুঞ্জন ক্রিকেট-পাড়া জুড়ে। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে নিয়ে গঠিত দুই সদস্যের নির্বাচক কমিটিতে পরিবর্তনের বিষয়ে গতকাল স্পষ্ট কিছু বলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচকদের নিয়ে আগামী ২৭ জুলাই বোর্ড সভায় আলোচনা হবে।

গত ৩০ জুন শেষ হয়েছে বিসিবির সঙ্গে নির্বাচকদের মেয়াদ। নির্বাচক কমিটিতে পরিবর্তন বিষয়ে জানতে চাইলে গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘জানি না। আমাদের বোর্ড মিটিংয়ে অবশ্যই এটা নিয়ে একটা এজেন্ডা তো থাকবেই। কিন্তু বদলানো হবে কি নতুন আসবে, সেটা নিয়ে ২৭ তারিখ আলোচনা করা হবে। যেহেতু টাইম শেষ, সেহেতু একটা আলোচনা আসবেই।’

তবে নির্বাচকদের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন বিসিবি সভাপতি। ২০১৬ সাল থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে নান্নু-হাবিবুলই দায়িত্ব পালন করছেন। পাপন বলেন, ‘খারাপ নয়। অসন্তুষ্ট হওয়ায় মতো পারফরম্যান্স এখনো দেখিনি। কারণ আপনি যদি পারফরম্যান্সগুলো দেখেন, আমি বলব ভালোই। পারফরম্যান্সের সঙ্গে সবকিছু মেলে না, তবে যদি পারফরম্যান্স হিসেব করেন,  তাহলে আমি বলব ভালোই। এমন কোনো খেলোয়াড় দেখেনি, যারা ভালো খেলছে কিন্তু নেয়নি। বা খারাপ খেলছে এমন কাউকে দলে রাখা হচ্ছে এমন কোনো রিপোর্ট আমাদের চোখে পড়ে নাই।’