লঙ্কা সফর শেষ করেই নতুন মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে দুই দলের পূর্ণ অনুশীলন। বাংলাদেশ দল অবশ্য আজ দেশে ফিরছে। এরপর মাত্র এক দিনের বিশ্রাম মিলবে ক্রিকেটারদের।
আগামী ২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশে গতকাল পাকিস্তান দল পা রাখলেও আজ বিশ্রামে থেকেছেন সালমান আগার নেতৃত্বাধীন দল। কাল দুপুরে বাংলাদেশ দল আর সন্ধ্যায় পাকিস্তান দলের অনুশীলনের কথা রয়েছে।
পাকিস্তান সিরিজের আগে দল নির্বাচন ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করার পক্ষেই তিনি, 'এশিয়া কাপের আগে একটা পরিপূর্ণ দল চাইব। সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইব না। যদি খুব বেশি প্রয়োজন হয়, সেটা ভিন্ন কথা। তবে আমরা বিশ্বকাপ পর্যন্ত একটা ধারাবাহিকতা চাই।'
