প্রবল বর্ষণের কারণে নীলফামারীতে বসুন্ধরা কিংস এবং মোহামেডান ম্যাচটি গতকাল বুধবার আড়াই মিনিটের মাথায় পণ্ড হয়ে যায়। আজ বৃহস্পতিবার অবশিষ্ট সময়ের খেলা হবে বলে জানিয়েছে বাফুফে।
বসুন্ধরা এ খেলাটিতে মোহামেডানকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হতো। বসুন্ধরা চ্যাম্পিয়ন হবে ধরে নিয়ে স্থানীয় দর্শকরা বৃষ্টিতে ভিজে কিংবা ছাতা মাথায় গ্যালারিতে বসে ছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায় মাঠ। বল ভাসছিল।
খেলা শুরুর আগেই এমন চিত্র দেখেও রেফারি দুই দল নিয়ে মাঠে নামে। খেলতে গিয়ে দেখা যায় বল গড়ায় না। আড়াই মিনিট খেলা হওয়ার পর বন্ধ করতে বাধ্য হন রেফারি।
রেলিগেশন হয়ে গেছে
টিম বিজেএমসির
পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থানে থাকা বিজেএমসি গতকাল বিকালে নোয়াখালীতে ১-০ গোলে আরামবাগকে হারিয়েও অবনমন ঠেকাতে পারছে না। ২২ খেলায় ১১ পয়েন্ট বিজেএমসির। বাকি আছে দুই খেলা।
দুটি খেলায় জিতলেও হবে ১৭ পয়েন্ট। তাতেও রক্ষা হচ্ছে না। দুটি দলকে নামতে হবে। সেই হিসাবে বিজেএমসির অবনমন নিশ্চিত। ২২ খেলায় নোফেলের ১৬ এবং সমান খেলায় ব্রাদার্সের ১৮ পয়েন্ট। এই দুই দলের মধ্যে বাঁচার লড়াই চলছে।
গতকাল বিকালে গোপালগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্র ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। শেখ রাসেলের কেউ হ্যাটট্টিক করতে পারেনি।
