বাংলাদেশ ইরান মুখোমুখি হতে পারে

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:১৩

বাংলাদেশ এবং ইরান ৩০ বছর পর আবারও ফুটবল মাঠে মুখোমুখি হতে যাচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর এই দুই দল কাতারের রাজধানী দোহায় মুখোমুখি হবে। ইরানের সংবাদ মাধ্যমে এমন খবর প্রচার হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে চূড়ান্ত হয়নি।

বাফুফে একাধিক দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি চূড়ান্ত হয়নি উল্লেখ করে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। এর মধ্যে আলোচনায় এগিয়ে ইরান।

ফিফার র্যাংকিংয়ে ইরান ২০ নম্বরে। বাংলাদেশ ১৮৩ নম্বরে। বাফুফে চায় তুলনায় কম শক্তির দলের বিপক্ষে খেলতে। তবে প্রীতি ম্যাচ খেলার জন্য আলোচনা চলছে সৌদি আরব এবং বাহরাইনের সাথেও। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনিও শুনেছেন ইরানের সঙ্গে ম্যাচ হতে পারে। কোচ জানান, ইরান হলে কঠিন ম্যাচ হবে। তবে ফিফার র্যাংকিং বাড়াতে হলে কঠিন ম্যাচ খেলতে হবে। 

২০২২ কাতার বিশ্বকাপ এবং চীনে অনুষ্ঠিতব্য ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত, কাতার ও ওমান। ‘সি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ ইরাক, বাহরাইন, কম্বোডিয়া, হংকং। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান তাদের গ্রুপের প্রথম খেলার পাঁচ দিন আগে ৫ সেপ্টেম্বর কাতারের দোহায় প্রীতি ম্যাচ খেলবে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

যদি ইরান বাংলাদেশের প্রীতি ম্যাচের দিন-তারিখ চূড়ান্ত হয় তাহলে ৩০ বছর পর আবার বাংলাদেশ ইরান ফুটবল লড়াই দেখা যাবে। ৮৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ইটালি ৯০ বিশ্বকাপ ফুটবলের বাছাই। হোম এন্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছে ইরান এবং বাংলাদেশ। ১৭ মার্চ ৮৯ সালে ইরানের তেহরানে বাংলাদেশ ইরান ম্যাচটি হয়েছিল। ৬০ হাজার দর্শক দেখে ছিলেন আজাদী স্টেডিয়ামে। বাংলাদেশ ০-১ গোলে হেরেছিল। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে ইরান গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে এবং ১-০ গোলে মরক্কোকে হারায়। পাঁচবার বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলেছে ইরান।