মার্কিন শাখার ছয় শতাধিক কর্মী ছাঁটাই হুয়াওয়ের

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:১৩

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের গবেষণা শাখা ফিউচারওয়ে টেকনোলজির ছয় শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে। ওয়াশিংটন হুয়াওয়েকে বাণিজ্যের কালো তালিকাভুক্ত করার পর কোম্পানিটি এ পদক্ষেপ নিল।

হুয়াওয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের কারণে তাদের বাণিজ্যিক কার্যক্রমে যে সংকোচন দেখা দিয়েছে’ তার সঙ্গে তাল মেলাতেই তারা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। হুয়াওয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে , ‘ফিউচারওয়ে টেকনলজির কর্মীসংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এটি সরাসরি যুক্তরাষ্ট্রে থাকা ছয় শতাধিক কর্মীর ওপর ২২ জুলাই থেকেই কার্যকর হবে।’ গত মে মাসে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। যার ফলে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কোনো ফার্মের সঙ্গে ব্যবসা করতে পারছে না।

পরস্পরের পণ্যের ওপর বাড়তি শুল্কারোপ করা নিয়ে এ বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চরম রূপ ধারণ করেছে। হুয়াওয়ের ঘটনা এ যুদ্ধের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। হুয়াওয়ে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ফিউচারওয়েতে তাদের গবেষণা ও পণ্যের উন্নয়ন বিষয়ক কাজ করে।