মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন আমেরিকান প্রফেশনাল ফুটবল তারকা ও সুপার বৌল জয়ী ব্রায়ান ব্র্যামান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যানসার ধরা পড়ে ব্র্যামানের। সেই থেকে চিকিৎসাধীন ছিলেন ৩৮ বছর বয়সী এ লাইনবেকার (এলবি)। তবে শেষ রক্ষা হয়নি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ব্র্যামান। তার এজেন্ট শন স্টেলাটোর বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছে বিবিসি, ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
'গো ফান্ড মি' নামের একটি পেজের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সিয়াটলে চিকিৎসা চলাকালে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে ব্র্যামানের। সে সময় তার চিকিৎসা ও অন্যান্য খরচের সহায়তার জন্য পেজটি খেলা হয়েছিল।
ব্র্যামানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে স্টেলাটো বলেন, ‘মানুষ শুধু ব্রায়ানের বিশাল দেহটাই দেখতো। কিন্তু তার হৃদয়টাও ছিল দেহের মতই বড়। তিনি ছিলেন সত্যিকারের অনুপ্রেরণার। সবার সঙ্গে খোলামেলা, আন্তরিক ছিলেন। এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল।’
এজেন্ট স্টেলাটো আরও বলেন, ‘এটা (ব্র্যামানের মৃত্যু) আমার জন্য খুব কঠিন। আমি যেন আমার প্রথম সন্তানকে হারালাম। আমি যখনই ফিলাডেলফিয়া যেতাম, এই ছেলেটা আমার জন্য ওর বিছানা ছেড়ে দিত। আমি যদি ওর বাসায় উঠতে না চাইতাম, ও আমাকে হুমকি দিত। এটা আজীবন আমার স্মৃতিতে থাকবে। আমার হৃদয় আজ ক্ষতবিক্ষত।’
ব্র্যামানের মৃত্যুর খবরে বিমর্ষ জে জে ওয়াট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘শান্তিতে থেকো ভাই। অনেক আগেই চলে গেলে।’
ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) ব্র্যামানের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১১ সালে। ফ্রি এজেন্ট হিসেবে সেসময় তিনি হিউস্টন টেক্সানসে যোগ দিয়েছিলেন। ক্লাবটিতে ৩ মৌসুম কাটিয়ে ব্র্যামান যোগ দেন ফিলাডেলফিয়া ঈগলসে।
