রাজৈরে সড়কের বেহালদশা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৭:১৭

টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ছাগলছিরা থেকে ফুলতলা বাজার পর্যন্ত গ্রামীণ সড়কের বেহাল দশা চরমে পৌঁছেছে। দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা সড়কটি সাম্প্রতিক ভারী বর্ষণে পানির চাপে ভেঙে পড়েছে, ফলে এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

ফলে রাজৈরের প্রসিদ্ধ বন্দর টেকেরহাট, উপজেলা সদর এবং দেশের অন্যান্য এলাকার সঙ্গে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষসহ হাজারো পথচারী চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়রা জানান, সড়কের সবচেয়ে বিপজ্জনক অংশটি চরকাশিমপুর বড়বাড়ি এলাকার সামনে, যেখানে বড় আকারের গর্ত ও ধস সৃষ্টি হয়েছে। এই সড়কে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে মানুষজনকে।

স্থানীয় অটোরিকশাচালক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। প্রতিনিয়ত ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এখন গাড়ি চালানো তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর হয়ে উঠেছে।

এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন স্কুলে যেতে আতঙ্কে থাকতে হয়। কখন যে পড়ে গিয়ে আহত হই, তা বলা যায় না। অনেক সময় বাধ্য হয়ে স্কুল মিস করতে হয়।

স্থানীয় বাসিন্দা টুটুল বিশ্বাস বলেন, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে রাস্তার একটি বড় অংশ ভেঙে গেছে। এখন হেঁটে চলাও দুষ্কর। দ্রুত রাস্তাটি সংস্কার ও একটি কালভার্ট নির্মাণ করা জরুরি।

সাবেক চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন জানান, ছাগলছিরা থেকে ফুলতলা বাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই সড়কে অসংখ্য গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় আধা কিলোমিটার রাস্তা মুকসুদপুর উপজেলার মধ্যে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছে।

এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বলেন, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে আছে। চলতি সপ্তাহের মধ্যেই মেরামতের কাজ শুরু হবে।

ইত্তেফাক/এএইচপি