সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে, নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৭:৪৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে। বাস স্ট্যান্ড, বাজারঘাটসহ সর্বত্র একই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের বাংলাদেশের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। এটি হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। এই পদ্ধতি না চাওয়া দলগুলো দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি বলেন, দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিষয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই, এখনো সময় আছে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় একটি দলের গাত্রদাহ শুরু হয়ে গেছে। দেশের মানুষ আগামীতে কোনও চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন।

ইত্তেফাক/এমএএস