ইউরোপীয় ইউনিয়ন ১৮তম নিষেধাজ্ঞার প্যাকেজের অংশ হিসেবে রাশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র বেলারুশের আর্থিক পরিষেবার ওপর 'সম্পূর্ণ লেনদেন' নিষিদ্ধ করেছে ইইউ কাউন্সিল।
শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, বিশেষায়িত আর্থিক বার্তা পরিষেবার ওপর থাকা নিষেধাজ্ঞা সম্পূর্ণ লেনদেন নিষেধাজ্ঞায় উন্নীত করা হয়েছে।
বেলারুশ থেকে অস্ত্র আমদানির ওপরেও নিষেধাজ্ঞা চালু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দেশটির প্রতিরক্ষা খাতের সঙ্গে সম্পর্কিত ৮টি বিষয়ের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে, একই দিন রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞার ১৮তম প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় কাউন্সিল। এক বিবৃতিতে বলা হয়েছে, '১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ গৃহীত হয়েছে।' এই নথিটি এখন ইইউ'র অফিসিয়াল জার্নালে প্রকাশিত হবে, এরপর নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে রয়েছে প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা ৪৭.৬ ডলারে কমানো, নর্ড স্ট্রিম পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপ, রাশিয়ান তেল পরিবহনকারী ১০৫টি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা, ব্যাংকিং খাতের ওপর বিধিনিষেধ, পাশাপাশি দ্বৈত-ব্যবহারের পণ্য ও প্রযুক্তির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ।

