তালায় ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ দুই ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:৩৩

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ছাত্রলীগ সভাপতির শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার সকালে উপজেলার শুভাষিণী ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি দুজন। তাদের একজন শুভাষিণী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বাপ্পী এবং অপরজন তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল হোসেন।

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ‘ইভটিজিং মুক্ত কলেজ ক্যাম্পাস চাই, কলেজ ছাত্রলীগ সভাপতি বাপ্পীর বহিষ্কার চায় এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে কলেজ ক্যাম্পাস মুখরিত করে তোলে। এ সময় কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বাপ্পীকে সাময়িক বহিষ্কার ঘোষণা করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে কলেজ গভর্নিং বডির মিটিং করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ক্যাম্পাস কিছুটা শান্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এম মকবুল হোসেন, শিক্ষক প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক প্রণব কুমার সাহা, শিক্ষার্থীদের পক্ষে প্রথম বর্ষের ছাত্র মনিরুল ইসলাম, ২য় বর্ষের ছাত্র হাদিউজ্জামান, মাসুম হোসেন, ছাত্রী সুমাইয়া খাতুন, ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা পিয়াস ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিপ্লব প্রমুখ।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে দ্রুত তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বাপ্পী এবং ফয়সাল দোষী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুভাষিণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের দাবি যৌক্তিক। বাপ্পী অতীতে এর থেকেও মারাত্মক অপকর্ম করেছে যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কলেজ সভাপতির উপস্থিতিতে সালিশের মাধ্য ক্ষমা চেয়ে পার পেয়েছে। কিন্তু তারপরেও সে না শুধরিয়ে উল্টো বেপরোয়া হয়ে উঠেছে। বাপ্পীকে কলেজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করে সাতদিনের ভিতরে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণের সময় ভিডিও ধারণ করে আবারও ধর্ষণের চেষ্টা, আটক-৩

কলেজের গভর্নিং বডির সভাপতি প্রণব ঘোষ বাবলু বলেন, ‘আগামী শনিবার কলেজে জরুরি সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভার সিদ্ধান্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/নূহু