যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই: নুর

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০২:০৩

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন নিয়ে ভিন্নমত তুলে ধরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নুর বলেছেন, যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। অন্যদিকে সালাহউদ্দিন অভিযোগ করেছেন, পিআর ও স্থানীয় সরকারের নামে কেউ কেউ নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আয়োজিত গণসমাবেশে নুর বলেন, ‘যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।’ তিনি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ ও শাসনতন্ত্র সংস্কারের জন্য পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেন।

নুর গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এজন্য ঐক্যবদ্ধ না থাকলে আমরা পরাজিত হবো।’

তিনি রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুঁড়ির সমালোচনা করে বলেন, ‘জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না।’

অন্যদিকে একই দিন বিকেলে রাজধানীর মিরপুরে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, কেউ বোঝে না। যারা এই পদ্ধতিতে নির্বাচন চান, তাদের উদ্দেশ্য অসৎ।’

তিনি আরও বলেন, ‘নতুন নতুন বাক্যবিশারদ যারা হয়েছেন, তারা যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, তাহলে সেটা হবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র।’

ইত্তেফাক/এএম