বলসোনারোর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি, বিচারকের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:৪৯

ব্রাজিলের সর্বোচ্চ আদালতের নির্দেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে শুক্রবার (১৮ জুলাই) বড় ধরনের অভিযান চালিয়েছে ফেডারেল পুলিশ। তাকে ঘরবন্দি রেখে পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আদালতের ভাষ্য অনুযায়ী, বলসোনারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ব্রাজিলের বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করাতে চেয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতেই এসব পদক্ষেপ।

এদিকে, বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরাজ এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আদেশ দিয়ে বলেন, ‘মোরাজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা বাতিল একটি রাজনৈতিক নিপীড়নের জবাব।’

বলসোনারোর বাড়িতে তল্লাশির সময় তার পাসপোর্টও জব্দ করেছে পুলিশ। পরে রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো বিচারপতি মোরাজকে ‘স্বৈরাচারী’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘আমার বয়স ৭০ বছর, আমি চার বছর দেশের প্রেসিডেন্ট ছিলাম—আজ আমাকে পায়ে নজরদারি যন্ত্র পরতে হচ্ছে! এটা চূড়ান্ত অপমান।’

বিচারপতির আদেশে বলা হয়, ট্রাম্প ব্রাজিলের বিচারব্যবস্থায় চাপ প্রয়োগ করতে ১ আগস্ট থেকে দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। মোরাজের ভাষ্য, এ ধরনের শুল্ক হুমকি ব্রাজিলের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

বলসোনারো বর্তমানে একটি মামলায় অভিযুক্ত, যাতে অভিযোগ রয়েছে—তিনি ২০২৩ সালের জানুয়ারিতে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতায় আসার আগ মুহূর্তে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করেছিলেন।

এই প্রেক্ষাপটে ট্রাম্প সম্প্রতি সামাজিক মাধ্যমে বলসোনারোর পক্ষে একটি চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘তোমার প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে, তা আমি দেখেছি। এই বিচার প্রক্রিয়া এখনই বন্ধ হওয়া উচিত।’

বিচারপতি মোরাজ বলসোনারোর যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে ও ব্রাজিলের সংসদ সদস্য এদুয়ার্দো বলসোনারোর সঙ্গেও যোগাযোগ নিষিদ্ধ করেছেন। তবে বলসোনারো রয়টার্স-কে বলেন, তিনি প্রতিদিন ছেলের সঙ্গে কথা বলেন, এবং যুক্তরাষ্ট্রে তার হয়ে কোনো লবিং করা হচ্ছে না। তিনি আরও জানান, তার ছেলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করছেন।

আদালতের পাঁচ সদস্যের একটি প্যানেল বিচারপতি মোরাজের সিদ্ধান্ত শুক্রবার বিকেলে বহাল রাখে।

ইত্তেফাক/এনএন